ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে র‍্যালী ও শোভাযাত্রা

মোঃ আনিছুর রহমান সুজনঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে চরপাড়া মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠ থেকে জশনে জুলুসের র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

জুলুসে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো নবীপ্রেমী ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে রচিত নাতে রাসুল পরিবেশন করা হয়। পাশাপাশি বিভিন্ন রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করা হয়, যাতে মহানবী (সা.)-কে নিয়ে রচিত কালজয়ী কবিতার পঙ্‌ক্তি স্থান পায়।

পরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনু ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল মালেক বুলবুল ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন। এছাড়া রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রকাশিত :  ‍বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Views: 3

শেয়ার করুন