হাজীগঞ্জ বাজারে যার দোকানের সামনে হকার বসবে তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে হকার বসানো বন্ধের কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আগামীকাল মঙ্গলবার থেকে যার দোকানের সামনে হকার বসবে তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। এ লক্ষ্যে বাজার এলাকায় পরিচালিত অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশের সদস্যবৃন্দ, হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন।
অভিযান শেষে ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বাজারের ব্যবসায়ী ও হকারদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, “আগামীকাল থেকে যদি কোনো হকার সড়কে বা ফুটপাত দখল করে বসে, তাহলে সংশ্লিষ্ট যার দোকানদার সামনে হকার বসবে তার বিরুদ্ধে ৫০ হাজার জরিমানা করা হবে।
একই সঙ্গে যারা ফুটপাত দখল করবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, হাজীগঞ্জ বাজারকে যানজট ও অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হবে।
Views: 7
























