হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক প্রার্থী জিসান আহমেদ ছিদ্দিকী

মো. সাইফুল ইসলাম রণি :
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন ২০২৬ সালের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সাবেক মেধাবী ছাত্রনেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সুদক্ষ সংগঠক জিসান আহমেদ ছিদ্দিকী।
১৯৮২ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কী মিয়াজী বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা ডা. এস. এইচ. জাফর উল্লাহ- একজন ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাতা তাহমিনা বেগম একজন আদর্শ গৃহিণী। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। শিক্ষাজীবনে তিনি পিরোজপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন।
ছাত্রজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং দীর্ঘদিন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতি থেকে সরে এসে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, হাজীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় তিনি কারা নির্যাতনসহ বিভিন্ন হয়রানি, হামলা ও মামলার শিকার হন। ব্যবসায়িক সংগঠনেও তিনি সুপরিচিত মুখ। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিপুল ভোটে একাধিকবার কমিশনার নির্বাচিত হয়ে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকার কারণে তিনি তাদের আস্থাভাজন হয়ে উঠেছেন।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি চাঁদপুর থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক “পাঠক সংবাদ” পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, “হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি একটি ঐতিহ্যবাহী ও সুসংগঠিত অরাজনৈতিক প্রতিষ্ঠান, যেখানে প্রায় দশ হাজার ভোটার রয়েছে। অতীতে ব্যবসায়ী ভাইদের ভালোবাসা ও সমর্থনে আমি একাধিকবার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। এবারও আপনাদের সমর্থন পেলে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে চাই।” তিনি সকল ব্যবসায়ীদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশিত : রোববার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রি.
Views: 7





















