চাঁদপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান।

চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় সোমবার সকালে ঘটে এই অগ্নিকাণ্ড। স্থানীয়রা জানান, খোকনের হোটেল থেকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
আগুনে পুড়ে যায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ৩টি কম্পিউটারের দোকান, একটি ফার্মেসি, হোটেল, মুদি দোকান, চা দোকান ও সেলুন। ব্যবসায়ীরা জানান, দোকান খোলার আগেই দেখি সব পুড়ে গেছে, কিছুই রক্ষা করতে পারিনি। প্রায় এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রায় এক ঘণ্টা সময় লাগে। পুড়ে যাওয়া দোকানগুলো টিনসেডের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
![]()





















