মতলব উত্তরে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করলেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ

গোলাম নবী খোকনঃচাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী প্রয়াত দলের শীর্ষস্থানীয় নেতাদের কবর জিয়ারত করেন। দুপুর ১২টায় খন্দকার কান্দিতে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি।
পরে দলে দলে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহসানুল হক ফটিক, মতলব উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিক উল্ল্যা আতিক এবং বিএনপি নেতা গোলাম হোসেনের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। প্রয়াতদের রুহের মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।কবর জিয়ারতের মাধ্যমে বিএনপির প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দিনের কর্মসূচি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া, ত্রাণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেল শিকদার, ছেংগারচর পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নুরনবী মোল্লা, সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক কাইয়ুম মুন্সি, উপজেলা যুবদলের সদস্য জিসান আহাম্মদসহ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহাম্মদ খান বলেন, ইতোমধ্যেই বাংলাদেশের নির্বাচনী আকাশে রাজনৈতিক ডামাডোল শুরু হয়ে গেছে। আমি ওমরাহ পালনে সৌদি আরবে ছিলাম, আর আমাদের সাধারণ সম্পাদক নুরুল হক জিতু কিছুদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন, ফলে আমরা দলীয় কার্যক্রমে কিছুটা পিছিয়ে পড়েছিলাম। তাই আজকের এই কবর জিয়ারতের মাধ্যমে বিএনপির যে নির্বাচনী হাওয়া বইছে, তার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বার্তা দিলাম। দলের প্রতি অর্পিত দায়িত্ব আমরা সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে পালন করব। ধানের শীষ আমাদের এবং জনমানুষের অন্তরের প্রতীক। এখন থেকে আমরা ওয়ার্ড থেকে শুরু করে সর্বত্র বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করব।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। বেশ কিছুদিন অসুস্থ থাকলেও আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। জীবনের স্বর্ণালী দিনগুলো আমরা রাজনীতির পেছনে ব্যয় করেছি। জুলুম-নির্যাতন, গ্রেপ্তার, মিথ্যা মামলা সবকিছুই সয়েছি দল ও গণতন্ত্রের জন্য। আপনারা জানেন ২০১৮ সালের নির্বাচন কীভাবে হয়েছে, কী ভয়াবহ নির্যাতনের সম্মুখীন হয়েছিলাম প্রয়াত ফটিক ভাইসহ অনেক নেতার ওপর অমানবিক নির্যাতন হয়েছে।
তিনি আরও বলেন, মতলবের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হোন। ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সর্বাত্মক আন্দোলন-সংগঠনে এগিয়ে যাব।
২২ নভেম্বর ২০২৫ খ্রি.
Views: 0





















