শাহরাস্তিতে পৈতৃক সম্পত্তি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে পৈতৃক সম্পত্তি জবরদখল ও একাধিক হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এসব অভিযোগ লিখিত ভাবে তুলে ধরেন মীর মো. নেওয়াজ মোরশেদ।

লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা গ্রামে তাঁদের সাড়ে ৫২ শতাংশ পৈতৃক সম্পত্তি ভোগ দখল রয়েছে। ২০২৩ সালে বৈধ যৌথ দলিলের মাধ্যমে পাশেই ৪০ শতাংশ খরিদা সম্পত্তি রয়েছে।

পাশ্ববর্তী পাথৈর গ্রামের কাজী ওবায়েদ উল্লাহ ও তাঁর সহযোগীরা অন্য অংশীদার থেকে ২০২১ সালে দুটি দলিলের মাধ্যমে সাড়ে ৫২ শতাংশ ভূমি ক্রয় করেন। যার প্রেক্ষিতে মীর মো. নেওয়াজ মোরশেদ গং আদালতে প্রিয়ামশন মামলা করেন।

ওই মামলা চলমান অবস্থায় কাজী ওবায়েদ উল্লাহ গং অন্যত্র তর্কিত সম্পত্তি বিক্রয়ের বায়না সংক্রান্ত সাইনবোর্ড সাঁটিয়ে দেন। যার মধ্যে তাদের পৈত্রিক সম্পত্তিও রয়েছে।

তিনি আরো জানান, সম্পত্তি সংক্রান্ত বিরোধে ২০২২ সাল থেকে তাদের পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। ওইসব মামলার কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক, সামাজিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৈধ দলিল ও সরকারি রেকর্ড থাকা সত্ত্বেও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে নতুন করে সম্পত্তি বিক্রয় ও দখলের চেষ্টা করছে। এতে করে পরিবারের নারী সদস্য ও বৃদ্ধ অভিভাবকরা নিরাপত্তাহীনতায় রয়েছে। সম্পত্তি সংক্রান্ত দেওয়ানি মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষ বেআইনি ভাবে নতুন মামলায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এমন অবস্থায় ভুক্তভোগী পরিবার বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, জাল দলিল বাতিল এবং পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন