হাজীগঞ্জের সিদলায় সুপারি গাছ থেকে পড়ে ইমন নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সিদলায় সুপারি গাছ থেকে পড়ে মোহাম্মদ ইমন হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সিদলা গ্রামের পাটওয়ারী বাড়ির একটি সুপারি গাছে ওঠে মোহাম্মদ ইমন হোসেন।

গাছে উঠার পর সুপারি পাড়ার সময় অসাবধানতার বাসত গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। তবে শুক্রবার (১৯ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ইমন হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত মোহাম্মদ ইমন হোসেন কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা গ্রামের সরদার বাড়ির মোহাম্মদ ইসমাইল সরদারের ছেলে। সে সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

জানা যায়, প্রতিদিনের মতো বাড়ি থেকে খেলতে বের হয়ে কাউকে কিছু না জানিয়ে পাটওয়ারী বাড়িতে সুপারি গাছে সুপারি পাড়তে গিয়েছিল ইমন। এ সময় দুর্ঘটনাবশত গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক জানান, বুধবার বিকেলে ইমনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল জব্বার বলেন, সুপারি গাছ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি জেনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন