গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য নির্বাচিত আলহাজ এম এ হান্নান এমপি

আনিছুর রহমান সুজন:
গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির দাতা সদস্য পদে নির্বাচিত হয়েছেন আলহাজ এম এ হান্নান এমপি।
শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেলে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত দাতা সদস্য নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়। এতে শতভাগ ভোট পেয়ে দাতা সদস্য হিসেবে নির্বাচিত হন এম এ হান্নান এমপি।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কলেজের আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন। তিনি ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, বিশিষ্ট রাজনীতিবিদ মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি), কলেজের হিতৈষী সদস্য লায়ন ফখরুল আহমেদ ফয়সাল, ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, রাজনীতিবিদ ডা. আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ মোল্লা, কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া এবং গত ২০ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি সদস্যরা।
নির্বাচন-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এম এ হান্নান এমপি বলেন, এই কলেজের উন্নয়নে অনেকের সঙ্গে আমারও ভূমিকা রয়েছে। তবে আমি কখনোই এসব দেখাতে বা জাহির করতে চাই না। আমি চাই, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কলেজটির উন্নয়নে কাজ করি।
তিনি আরও বলেন, এই কলেজে অনার্স কোর্স চালু করা গেলে এ অঞ্চলের শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
এম এ হান্নান এমপি বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তাই জনগণের প্রত্যাশা পূরণ এবং ফরিদগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।
প্রকাশিত : রোববার, ২৩ আগস্ট ২০২৬
Views: 3

























