চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী আল-আরাফাহ পরিবহণের বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে ওভারটেক করার সময় বাস ও বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে।

সংঘর্ষে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুসময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকাজ চলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

Views: 7

শেয়ার করুন