হাজীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ৬৩.৫৭ শতাংশ পাস, জিপিএ-৫ পেয়েছে ১৫৩ শিক্ষার্থী

মোহাম্মদ সাইফুল ইসলাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ৮৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উপজেলায় গড় পাসের হার ৬৩ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন শিক্ষার্থী।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, হাজীগঞ্জ উপজেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রামচন্দ্রপুর ভূঁঞা একাডেমী শতভাগ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৪৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এছাড়া হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৯৩ শতাংশ পাসের হার নিয়ে ভালো ফলাফল করেছে।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে আল কাউসার স্কুলে পাসের হার ৯০ দশমিক ৪৮ শতাংশ, আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৮ দশমিক ১০ শতাংশ, বেলচো উচ্চ বিদ্যালয়ে ৮৩ দশমিক ১৪ শতাংশ এবং বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
তথ্য অনুযায়ী, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৮ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ।
অন্যদিকে, কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার তুলনামূলকভাবে কম হয়েছে। বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৮ দশমিক ৮৫ শতাংশ, রান্দুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে ৩৩ দশমিক ৭৩ শতাংশ এবং বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৯ দশমিক ৫৩ শতাংশ পাসের হার পাওয়া গেছে।
সামগ্রিক ফলাফলে হাজীগঞ্জ উপজেলায় ২ হাজার ৯০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮৪৭ জন উত্তীর্ণ হওয়ায় পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৫৭ শতাংশ। ফল প্রকাশের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট ২০২৬
Views: 3

























