ফরিদগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু, ঘাতক গাড়ি নিয়ে চালক উধাও

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে সাইকেলযোগে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তেল কিনতে যাওয়ার পথে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় আবু তাহের (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি নিয়ে চালক পালিয়ে যায়।

সোমবার (১০ আগস্ট) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার ওনুআ চত্বরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাসারা গ্রামের মিজি বাড়ির মকবুল আহমেদের ছেলে। তিনি স্থানীয় কড়ৈতলী বাজারের দীর্ঘদিনের ব্যবসায়ী। পারিবারিক জীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

স্থানীয়রা জানান, সোমবার সকালে কড়ৈতলী বাজার থেকে সাইকেলযোগে তেল কেনার জন্য উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন আবু তাহের। ওনুআ চত্বর এলাকায় পৌঁছালে লক্ষ্মীপুরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের জামাতা আলাউদ্দিন বলেন, ‘আবু তাহের প্রায় তিন দশক ধরে কড়ৈতলী বাজারে ব্যবসা করে আসছেন। সেচ ম্যানেজাররা তার কাছ থেকে তেল নিয়ে সেলো মেশিনের পাম্প পরিচালনা করতেন। প্রতিদিনের মতো সোমবার সকালে তেল কেনার জন্য উপজেলা সদরে আসার পথে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন। আমরা ঘাতক প্রাইভেটকারের চালককে দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আবু তাহেরের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘাতক প্রাইভেটকারটি শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

Views: 5

শেয়ার করুন