তারাবিহ নামাজ পড়তে গিয়ে খুন : ফরিদগঞ্জে রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে তারাবিহ নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে নৃশংস খুনের শিকার হয় নূরানী মাদ্রাসায় পড়ুয়া আট বছর বয়সী শিশু রুবেল। হত্যার ঘটনার কোন ক্লু বের করা ও অদ্যাবধি কোন আসামী আটক করতে ব্যর্থ হয়েছে পুলিশ। গত ১৮ দিনেও হত্যকাণ্ডের রহস্যের উল্লেখ্যযোগ্য অগ্রগতি না হওয়ার প্রতিবাদে ও হত্যাকারীদের আটকের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারীর বাজারে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিশুটির বাড়ির সামনে নারীরা পৃথক মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিশুটির বাবা আব্দুল কাদের, মাতা পরান বেগম, এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য আবু সাদেক, মো. ইব্রাহিম খান, মোশারফ হোসেন বতু, রহমত উল্ল্যা তালুকদার, জাহাঙ্গীর খান, তুহিন হাসান চৌধুরী প্রমুখ।
তারা বলেন, ৮ বছরের একটি শিশুর কোন শত্রু থাকার কথা নয়, তাছাড়া সে মাদ্রাসার বোডিংয়ে থাকে, মাহে রমজান উপলক্ষে বাড়িতে এসেছে। এসেই প্রতিদিনের মতো গত বুধবার (১০ মার্চ ২০২৬) তারাবিহ নামাজ পড়তে বের হয়ে নৃশংস খুনের শিকার হয় সে। এই ঘটনার পর ১৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যার প্রকৃত কারণ ও হত্যকারীদের আটক করতে পারেনি। এতে এই এলাকার অভিভাবকরা আতংকে রয়েছে, শিশুরা ভয়ে ভয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে।
উল্লেখ্য, বুধবার (১০ মার্চ ২০২৬) ইফতারের পর তারাবিহ নামাজ পড়তে ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নূরানী মাদ্রাসায় পড়ুয়া আট বছর বয়সী শিশু রুবেল। প্রায় ৪ ঘণ্টা পর বাড়ির পাশের বাঁশঝাড়ের পাশে মিলে তার রক্তাক্ত মৃতদেহ। শিশুটি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের মাইজের বাড়ির দিনমজুর আব্দুল কাদেরের ছোট ছেলে। নিহত রুবেল স্থানীয় সানকিসাইর মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র । সংবাদ পেয়ে থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে বুধবার (১১ মার্চ ২০২৬) সকালে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেন।পরে এব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
নিহত রুবেলের বাবা আব্দুল কাদের ও মা পরান বেগম আহাজারি করতে করতে বলেন, আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। আমাদের নিষ্পাপ সন্তানকে কেন এমন নির্মমভাবে হত্যা করলো। সে কী অপরাধ করেছিল। নিহত শিশু রুবেল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল।
ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, শিশু রুবেলের মৃত্যুর ঘটনায় পুলিশ তার তদন্ত অব্যাহত রেখেছে।
প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ খ্রি.
Views: 6

























