ফরিদগঞ্জে শিশু হত্যা: ১৮ দিনেও রহস্য অমীমাংসিত, মানববন্ধনে এলাকাবাসী

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে তারাবিহ নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নূরানী মাদ্রাসায় পড়ুয়া আট বছর বয়সী শিশু রুবেল। গত ১৮ দিনেও হত্যাকাণ্ডের রহস্যের উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। হত্যাকারীদের চিহ্নিত ও আটকের দাবিতে শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারীর বাজারে এবং শিশুটির বাড়ির সামনে নারীরা পৃথক মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিশুটির বাবা আব্দুল কাদের, মাতা পরান বেগম, এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য আবু সাদেক, মো. ইব্রাহিম খান, মোশারফ হোসেন বতু, রহমত উল্লাহ তালুকদার, জাহাঙ্গীর খান, তুহিন হাসান চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, আট বছরের একটি শিশুর কোনো শত্রু থাকার কথা নয়। তাছাড়া সে মাদ্রাসার বোর্ডিংয়ে থাকে, মাহে রমজান উপলক্ষে বাড়িতে এসেছে। এসেই প্রতিদিনের ন্যায় গত বুধবার (১০ মার্চ ২০২৬) তারাবির নামাজ পড়তে বেরিয়ে নৃশংস খুনের শিকার হয় সে। এই ঘটনার পর ১৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যার প্রকৃত কারণ ও হত্যাকারীদের আটক করতে পারেনি। এতে এলাকার অভিভাবকরা আতঙ্কে রয়েছেন, শিশুরা ভয়ে ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ ইফতারের পর তারাবিহ নামাজ পড়তে ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নূরানী মাদ্রাসায় পড়ুয়া আট বছর বয়সী শিশু রুবেল। প্রায় চার ঘণ্টা পর বাড়ির পাশের বাঁশঝাড়ের পাশে মেলে তাঁর রক্তাক্ত মৃতদেহ। শিশুটি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের মাইজের বাড়ির দিনমজুর আব্দুল কাদেরের ছোট ছেলে। নিহত রুবেল স্থানীয় সানকিসাইর মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র। সংবাদ পেয়ে থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ১১ মার্চ সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করেন। পরে এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নিহত রুবেলের বাবা আব্দুল কাদের ও মা পরান বেগম আহাজারি করতে করতে বলেন, আমার নিষ্পাপ সন্তানকে কেন এমন নির্মমভাবে হত্যা করা হলো? সে কী অপরাধ করেছিল? আমরা জানতে চাই, খুনিদের বিচার চাই।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধারের পর হত্যা মামলা রুজু করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে

প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 15

শেয়ার করুন