দীর্ঘদিন পর হাজীগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি: সদস্যদের দিলেন ‘সময়ের প্রেক্ষিতে’ বই

মোহাম্মদ সাইফুল ইসলাম:
দীর্ঘদিন পর নিজের হাতে প্রতিষ্ঠিত হাজীগঞ্জ প্রেসক্লাবে এসে সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। এ সময় তিনি তাঁর লেখা ‘সময়ের প্রেক্ষিতে’ বইটি প্রেসক্লাবের সকল সদস্যের হাতে উপহার হিসেবে তুলে দেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। তিনি প্রেসক্লাবকে এসি ও লিফট সহ সকল সুযোগ-সুবিধা দিবেন বলে জানিয়েছেন। পরে সকল সদস্যকে নিয়ে একসাথে বসে নিজের অর্থায়নে দুপুরের খাবার খান।
দীর্ঘদিন পর তাঁকে নিজের প্রতিষ্ঠিত প্রেসক্লাব কার্যালয়ে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সাংবাদিকরা। তাঁর উপস্থিতিতে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ ও মতবিনিময় করেন।
হাজীগঞ্জের সামাজিক, শিক্ষা, ব্যবসা ও সাংবাদিকতা অঙ্গনে ড. আলমগীর কবির পাটওয়ারীর রয়েছে দীর্ঘদিনের সম্পৃক্ততা।
হাজীগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠার পাশাপাশি তাঁর উদ্যোগ ও নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন গড়ে ওঠে। তাঁর হাত ধরে হাজীগঞ্জে বহু সংবাদকর্মী সাংবাদিকতা পেশায় যুক্ত হয়েছেন বলে জানান প্রেসক্লাবের সদস্যরা।
হাজীগঞ্জের সাংবাদিকতার ইতিহাসে সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকা একটি গুরুত্বপূর্ণ নাম। এ পত্রিকার মাধ্যমে হাজীগঞ্জে একসময় অনেক সংবাদকর্মীর সাংবাদিকতায় হাতেখড়ি হয়। স্থানীয় সাংবাদিকদের মতে, হাজীগঞ্জে সাংবাদিকতার বিকাশে ড. আলমগীর কবির পাটওয়ারীর অবদান অনস্বীকার্য।
আধুনিক হাজীগঞ্জের বিকাশেও তাঁর ভূমিকা রয়েছে। তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি প্রতিষ্ঠার অন্যতম উদ্যোগী ছিলেন। ব্যবসায়ী ও দোকান মালিকদের সংগঠিত করার লক্ষ্যে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় তাঁর উদ্যোগে।
শিক্ষাক্ষেত্রেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৮০-এর দশকে ড. আলমগীর কবির পাটওয়ারী হাজীগঞ্জের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। পরবর্তীতে মডেল কলেজে অধ্যাপনার পাশাপাশি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লির দায়িত্ব পালন করায় ব্যবসায় পর্যাপ্ত সময় দিতে না পারায় তিনি তাঁর গাড়ি ও ইটভাটা বিক্রি করে দেন।
বার্ষিক সাধারণ সভায় বক্তব্যকালে ড. আলমগীর কবির পাটওয়ারী হাজীগঞ্জের সুশীল সমাজকে নিয়ে একটি নতুন সেবামূলক সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান। তিনি শিগগিরই ‘হাজীগঞ্জ ক্লাব’ নামে একটি সংগঠন গড়ে তোলার আশ্বাস দেন।
তাঁর এমন উদ্যোগের কথা শুনে উপস্থিত সাংবাদিক ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। অনুষ্ঠানে তিনি প্রেসক্লাবের সদস্যদের হাতে তাঁর লেখা ‘সময়ের প্রেক্ষিতে’ বই তুলে দেন।
ড. আলমগীর কবির পাটওয়ারীর উপস্থিতি ও নতুন সংগঠন প্রতিষ্ঠার ঘোষণাকে ঘিরে হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে দীর্ঘদিন পর এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Views: 3

























