মতলব উত্তরে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন

গোলাম নবী খোকনঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে চাঁদপুর মতলব উত্তর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হল রুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা এ আর জুতি’র সঞ্চালয়ে, বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মাধ্যমিক একাডিমি সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য বাতিঘর। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে নজরুলের দর্শন অনুসরণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির কালজয়ী সাহিত্যকর্ম, সংগীত ও জীবনদর্শন তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নজরুলের সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও সাম্যের চেতনা আরও বিকশিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে বছরব্যাপী স্থানীয় পর্যায়ে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শনের চর্চা ও প্রচারে বিভিন্ন প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং তাঁর অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Views: 3

























