বেগুন ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, যুবক আটক

ফরিদগঞ্জ প্রতিনিধি:
কিশোর থেকে সদ্য ২২ বছরে পা দিয়ে যুবকের খাতায় নাম লিখিয়েছেন মো. নজরুল ইসলাম। পেশায় কৃষক না হলেও দিনরাতের বেশির ভাগ সময়ই তিনি কাটান মাঠে-ঘাটে। কিন্তু কেউ জানত না, বর্গাচাষকৃত জমিতে বেগুন চাষের আড়ালে তিনি করছেন গাঁজা চাষ। সম্প্রতি ফাঁস হয়েছে সেই গোপন কারবার।
উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার (২৩ মে২০২৬) দিবাগত রাতে গাঁজাসহ নজরুল ইসলামকে আটক করে থানা পুলিশ। আটক নজরুল ইসলাম ওই গ্রামের নয়ানি বাড়ির মৃত শাহাদাত হোসেনের ছেলে।
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসির দিকনির্দেশনায় ওই রাতে গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নজরুল ইসলামের চাষ করা একটি বেগুন ক্ষেতে গাঁজা শনাক্ত করা হয়। পরে গাছসহ জমির মালিক নজরুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, নজরুল পেশাদার কৃষক না হয়েও দিনরাতের বেশির ভাগ সময় বেগুন ক্ষেতেই কাটাতো। বেগুনের আড়ালে গাঁজা চাষ করতো। সে স্বীকার করেছে, সখের বসেই একটি গাছ লাগিয়েছিল, আর সেই ক্ষেতে সময় কাটাতেই তার ভালো লাগতো।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বর্গাচাষকৃত জমি থেকে ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি গাঁজা গাছ জব্দ ও নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার (২৪ মে) আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, এর আগেও উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের একটি কৃষি ক্ষেত থেকে ২৫টি এবং চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালী গ্রামের কৃষি ক্ষেত থেকে ১৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছিল।
প্রকাশিত : রোববার, ২৪ মে ২০২৬ খ্রি.
Views: 1
























