শাহরাস্তিতে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ও বানিয়া চৌঁ জে.বি. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ওই সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, থানার পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৭-৮শ জন র‍্যালিতে অংশ নেন।

সমাবেশে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

পরে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

পুলিশের পক্ষ থেকে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

প্রকাশিত :  ‍সোমবার, ২৪ আগস্ট ২০২৬

Views: 3

শেয়ার করুন