শাহরাস্তিতে সন্তানদের পাশে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ভাড়া বাসায় সন্তানদের পাশে রেখে নাজমুন নাহার স্বপ্না (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১১ টায় পুলিশ চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানায়, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লাল চাঁদপুর ইউনিয়নের বাংলাইশ গ্রামের নজরুল ইসলামের একমাত্র কন্যা নাজমুন নাহার স্বপ্না। বিগত ৪ দিন পূর্বে দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ লাইফ হসপিটাল ভবনের ৫ম তলায় ভাড়ায় উঠেন। ঘটনার দিন সকাল সাড়ে আটটায় তার সাথে থাকা ২ সন্তান কান্না করে বাসা থেকে নিচে নেমে আসে। ওই সময় একই ভবনে হাসপাতালের কর্মরত লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের মা ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে বলে জানায়। ওই সময় লোকজন ছুটে এসে স্বপ্নাকে ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এস আই) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। থানা পুলিশ স্বজনদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
স্বজনরা জানান, ব্যক্তিগত জীবনে স্বপ্না একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথমে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের ওমর ফারুকের সাথে, যেখানে তার ২ টি কন্যা সন্তান থাকাবস্থায় বিচ্ছেদ হয়। পরবর্তীতে একই ইউনিয়নের বেরকী গ্রামের আজমত উল্লাহ মেম্বার বাড়ির শাহাদাত হোসেনকে বিয়ে করেন। সেখানেও ১ পুত্র ১ কন্যা সন্তান নিয়ে বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে ওই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাসেল চৌধুরী রাজুর সাথে তার বিবাহ হয়।
তারা আরো জানায়, নিহত স্বপ্না ইতোপূর্বে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে নির্বাচন করেছেন। এছাড়া স্থানীয় খিলা বাজারে তার একটি বিউটি পার্লার ছিলো।
ভবন মালিকপক্ষের দায়িত্বে থাকা মেহেদী হাসান জানান, ৪ দিন পূর্বে রাসেল চৌধুরী রাজু নামে এক প্রবাসী এই নারীর স্বামী পরিচয়ে বাসাটি ভাড়া নেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ’প্রাথমিকভাবে এটি ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।’
Views: 8

























