সোলার প্যানেল কেনার আগে এই ৮টি ভুল করবেন না

তথ্য-প্রযুক্তি কণ্ঠ ডেস্ক :

বিদ্যুৎ বিলের চাপ আর লোডশেডিং থেকে মুক্তি পেতে অনেকেই এখন সোলার প্যানেলের দিকে ঝুঁকছেন। কিন্তু বেশি ওয়াটের প্যানেল কিনলেই যে ভালো বিদ্যুৎ পাবেন, ধারণাটা ভুল। সঠিক সিস্টেম পেতে কেনার আগেই কিছু জরুরি বিষয় জেনে নিতে হবে।

১. আপনার বিদ্যুৎ লাগে কত?
আগে হিসাব করুন দিনে কত ইউনিট খরচ হয়। ফ্যান, লাইট, ফ্রিজ, টিভি, পাম্প, এসি কোনটা কতক্ষণ চলে তার একটা তালিকা করুন। হিসাব ছাড়া ৫৫০/৬০০ ওয়াটের প্যানেল কিনলে দেখবেন হয় প্রয়োজনের চেয়ে কম হচ্ছে, নয়তো টাকা বেশি খরচ হয়ে গেছে।

২. একটি প্যানেলের ওয়াট নয়, পুরো সিস্টেমের ক্ষমতা দেখুন
একটা প্যানেলে ৫৫০ ওয়াট লেখা থাকলেই আপনি ৫৫০ ওয়াট পাবেন না। রোদ, আবহাওয়া, তাপমাত্রার কারণে উৎপাদন কম-বেশি হয়। তাই কয়টি প্যানেল মিলে মোট কত বিদ্যুৎ দেবে, সেটাই আসল হিসাব।

৩. প্যানেলের ধরন বুঝে কিনুন
বাজারে মনোক্রিস্টালাইন, পলিক্রিস্টালাইন, N-Type, বাইফেসিয়াল প্যানেল আছে। মনোক্রিস্টালাইন কম জায়গায় বেশি বিদ্যুৎ দেয়। আপনার ছাদের আকার, বাজেট ও প্রয়োজন অনুযায়ী বেছে নিন, শুধু “নতুন প্রযুক্তি” শুনে নয়।

৪. ছাদে ঠিকঠাক রোদ আসে তো?
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিনের বেশিরভাগ সময় যদি পাশের বাড়ি বা গাছের ছায়া পড়ে, তাহলে সোলার বসিয়ে লাভ নেই। সারাদিন রোদ থাকে এমন খোলা ছাদ বেছে নিন।

৫. ইনভার্টারকে হালকাভাবে নেবেন না
প্যানেল DC কারেন্ট তৈরি করে, আর আপনার বাসার সবকিছু চলে AC কারেন্টে। এই পরিবর্তনের কাজ করে ইনভার্টার। ইনভার্টারের ক্ষমতা আপনার লোডের চেয়ে কম হলে সিস্টেম বারবার বন্ধ হয়ে যাবে। আপনার জন্য অন-গ্রিড, অফ-গ্রিড না হাইব্রিড লাগবে, সেটাও আগেই ঠিক করুন।

৬. ব্যাটারি লাগবে কি?
রাতে বা কারেন্ট চলে গেলে সোলার ব্যবহার করতে চাইলে ব্যাটারি লাগবে। শুধু বড় ব্যাটারি কিনলেই হবে না। কতক্ষণ ব্যাকআপ লাগবে, ব্যাটারির আয়ু কতদিন, চার্জ হতে কত সময় লাগে – এগুলো দেখে কিনুন।

৭. ওয়ারেন্টি ও সার্ভিস আছে কি?
সোলার ২০-২৫ বছরের বিনিয়োগ। প্যানেল, ইনভার্টার, ব্যাটারির ওয়ারেন্টি আলাদা কতদিন, নষ্ট হলে কে সার্ভিস দেবে, পার্টস পাওয়া যায় কিনা – লিখিত নিন। কম দামের অফারে ছুটবেন না।

৮. শুধু প্যানেলের দাম নয়, পুরো খরচ হিসাব করুন
মোট খরচে প্যানেলের সাথে ইনভার্টার, ব্যাটারি, স্ট্যান্ড, তার, ব্রেকার, ইনস্টলেশন চার্জ সব যোগ হবে। তাই কেনার আগে পুরো সেটআপের খরচ এবং কত বছরে আপনার বিনিয়োগ উঠে আসবে, তা হিসাব করে নিন।

প্রকাশিত :  ‍শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Views: 8

শেয়ার করুন