হাজীগঞ্জ পৌরসভায় জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার টিটুর

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাকে স্মার্ট ও পরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু। এরই ধারাবাহিকতায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ধেররা এলাকায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে উঠান বৈঠকে অংশ নেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধেররা সর্দার বাড়ি স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলেন, “আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে আমাদের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক মহোদয়ের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী সকলের সহযোগিতায় পৌরবাসীর আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করব।”
তিনি বলেন, “আমি আগামী দিনে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। পৌরবাসীর সমস্যা চিহ্নিত করে নিয়মতান্ত্রিকভাবে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”
এ সময় তিনি হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মো. আওয়াল সর্দারের সভাপতিত্বে এবং সেলিম তপদারের সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাইয়ুম হোসেন সুমন, আরও বক্তব্য রাখেন হাশেম বেপারি, শাহ আলম সর্দার, অহিদ উল ইসলাম, জুলহাস বেপারি, খোকন সর্দার, সেলিম তপদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা বদরুদ্দোজা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মহিলাবৃন্দ, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু এর আগে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। সাম্প্রতিক সময়েও তাঁকে পৌর এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে।
প্রকাশিত : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
Views: 5

























