ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ঐক্যের আহ্বান হারুনুর রশিদের

মোঃ আনিছুর রহমান সুজন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিআরডিবি মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ৩১ দফার আলোকে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন। আমরাও তাঁর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় আজকের সমাবেশে অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর সেই বার্তাই পৌঁছে দিয়েছেন। ধানের শীষই আমাদের প্রথম ও শেষ কথা। যারা এখনো ভুলের দলে রয়েছেন, তারা দ্রুত সঠিক ধারায় ফিরে আসবেন। ইতোমধ্যে অনেকে ফিরে এসেছেন। দল আমাদের, নেতা আমাদের এবং দেশও আমাদের। তাই বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে সবাই ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হই।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর। এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, পৌর বিএনপির মহসিন পাটওয়ারী, রফিকুল ইসলাম পাটওয়ারী এবং জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান।
প্রকাশিত : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Views: 3

























