হাজীগঞ্জে নতুন ইউনিয়ন ‘১৩ নং অলিপুর’ গঠন, গেজেট প্রকাশ : পুনর্গঠিত ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন

মিজানুর রহমান রানা :
প্রশাসনিক সুবিধার জন্য চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১১(১) এ প্রদত্ত ক্ষমতাবলে ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের ৪টি গ্রাম এবং ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ২টি গ্রামসহ মোট ৬টি গ্রাম নিয়ে ‘১৩ নং অলিপুর ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন নং- ৪৮.৪২.১৩০০.০০০.০৩০.০১.০০১৩.২৮- ২৬৫/১ (৩৭), তারিখ: ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ / ৩১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
একই সাথে ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের অবশিষ্টাংশ নিয়ে ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন এবং ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের অবশিষ্টাংশ নিয়ে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে।
নবগঠিত ১৩ নং অলিপুর ইউনিয়ন যেভাবে গঠিত
নতুন অলিপুর ইউনিয়নের মোট আয়তন ৮.৬০ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ১৪,৩০১ জন। এটি ৯টি সাধারণ ওয়ার্ডে বিভক্ত:
০১ নং ওয়ার্ড: সিদলা গ্রাম। মৌজা- সিদলা। আয়তন ০.৬৬ বর্গ কি.মি., জনসংখ্যা ১৫৭৭ জন। সীমানা- উত্তরে নওহাটা, দক্ষিণে করদি ও সিদলার আংশিক, পূর্বে রামপুর, পশ্চিমে ফুলছোঁয়া।
০২ নং ওয়ার্ড: করদি ও সিদলার আংশিক। মৌজা- করদি ও সিদলা। আয়তন ০.৪৮, জনসংখ্যা ১৩৪৩। উত্তরে সিদলা, দক্ষিণে বেতিয়াপাড়া, পূর্বে সুবিদপুর, পশ্চিমে ফুলছোঁয়া।
০৩ নং ওয়ার্ড: বেতিয়াপাড়া। আয়তন ০.৮৩, জনসংখ্যা ১৪৪১। উত্তরে সিদলা, দক্ষিণে কুমিল্লা-চাঁদপুর হাইওয়ে।
০৪ নং ওয়ার্ড: সাতবাড়িয়া। আয়তন ০.৫৯, জনসংখ্যা ১৩৬৬।
০৫ নং ওয়ার্ড: উচ্চঙ্গা। আয়তন ১.৯৭, জনসংখ্যা ২৮৪৭। উত্তরে কুমিল্লা-চাঁদপুর হাইওয়ে, দক্ষিণে খোড়েরখাল (বড় ব্রীজ)।
০৬ নং ওয়ার্ড: অলিপুর উত্তর-১। মৌজা- অলিপুর। আয়তন ০.৮১, জনসংখ্যা ১১৩৯।
০৭ নং ওয়ার্ড: অলিপুর উত্তর-২। আয়তন ০.৮৯, জনসংখ্যা ১৪৯৩। উত্তরে খোড়েরখাল, দক্ষিণে ও পূর্বে ডাকাতিয়া নদী।
০৮ নং ওয়ার্ড: অলিপুর দক্ষিণ-১। আয়তন ১.৪৬, জনসংখ্যা ১৯১৬।
০৯ নং ওয়ার্ড: অলিপুর দক্ষিণ-২। আয়তন ০.৯১, জনসংখ্যা ১৬৬৯। উত্তরে অলিপুর বাজার রাস্তা, দক্ষিণে ডাকাতিয়া নদী ও ফেরী ঘাট।
সংরক্ষিত ওয়ার্ড বিন্যাস: ০১, ০২, ০৩ নং ওয়ার্ড নিয়ে ০১ নং সংরক্ষিত ওয়ার্ড, ০৪, ০৫, ০৬ নং নিয়ে ০২ নং এবং ০৭, ০৮, ০৯ নং নিয়ে ০৩ নং সংরক্ষিত ওয়ার্ড।
পুনর্গঠিত দুই ইউনিয়ন
পুনর্গঠিত ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন:
মোট আয়তন ১৫.৩৪ বর্গ কি.মি. ও জনসংখ্যা ২৮,১৯৭ জন। এর মধ্যে থাকছে কাজিরগাঁও, বাড্ডা, বাউড়া, সুহিলপুর, খাকবাড়িয়া ও সাহাপুর, মাতৈন, দোয়ালিয়া ও সুদিয়া, মৈশাইদ এবং সুবিদপুর গ্রাম।
পুনর্গঠিত ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন:
মোট আয়তন ১৪.৬২ বর্গ কি.মি. ও জনসংখ্যা ৩০,১৫৯ জন। এর মধ্যে থাকছে মাড়ামুড়া প্যারাপুর, নওহাটা, ভাজনাখাল বানিয়াকান্দি চাঁদপুর, সাকছিপাড়া, রামপুর, সৈয়দপুর, ভাটরা, নোয়াপাড়া ওড়পুর এবং কালচোঁ মোহাম্মদপুর গ্রাম।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই প্রজ্ঞাপনের অনুলিপি সিনিয়র সচিব, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা নির্বাচন কর্মকর্তা এবং হাজীগঞ্জ উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
প্রকাশিত : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Views: 4

























