চুরির মামলা না নেওয়ায় মতলবের ওসিকে আদালতের শোকজ

নিউজ ডেস্ক :

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সব ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার চুরির পৃথক ঘটনায় কোনো মামলা রুজু করেননি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।

এ ঘটনা আমলে নিয়ে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছেন চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ। গতকাল মঙ্গলবার বিকেলে এই শোকজ করা হয়।

আগামী ৮ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে চুরি প্রতিরোধে নিষ্ক্রিয়তার কারণে কেন আইনানুগ আদেশ দেওয়া হবে না মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।

এর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রচারিত ও প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে চুরি প্রতিরোধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবং মতলব উত্তর থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন মতলব উত্তর থানার আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ওয়াহিদুজ্জামান বলেন, ট্রান্সফর্মার চুরির প্রত্যেকটি ঘটনায় মতলব উত্তর থানার ওসি বরাবরে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু তারপরও আদালতের আদেশ দেওয়ার পূর্বে একটি মামলাও রুজু করেননি ওসি। বিদ্যুতের মতো জরুরি সেবার যন্ত্রাংশ চুরির ঘটনা অপরাধ হলেও মামলা রুজু করে চুরি প্রতিরোধে পদক্ষেপ না নেওয়ায় মতলব উত্তর থানার ওসিকে শোকজ করেন আদালত।

এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানা ওসি কামরুল হাসান বলেন, শোকজের কোনো চিঠি পাইনি। ট্রান্সফার চুরির তিনটি মামলা নিয়েছি। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন)

প্রকাশিত :  ‍বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Views: 3

শেয়ার করুন