স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীরা মোবাইল ব্যবহার করতে পারবে না : ইঞ্জিঃ মমিনুল হক এমপি

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, উপজেলার কোন স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোন শিক্ষার্থী সন্ধ্যার পর বাসার বাহিরে থাকতে পারবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ পাটওয়ারী রুপম, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটওয়ারী, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রকাশিত : রোববার, ২৪ মে ২০২৬ খ্রি.
Views: 10
























