হাজীগঞ্জ বাজারে শাহাব উদ্দীনের গণসংযোগ কুশল বিনিময় ও লিফলেট বিতরণ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বাজার এলাকা। এরই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. শাহাব উদ্দীন তাঁর নির্বাচনী প্রতীক ‘আনারস’ নিয়ে শনিবার (২২ আগস্ট) হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গণসংযোগ করেছেন।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ গণসংযোগে তিনি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র ও বিপণিবিতানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কাছে ভোট ও সমর্থন চান।
গণসংযোগের শুরুতে তিনি হাজীগঞ্জ পশ্চিম বাজার ডিগ্রি কলেজ রোড এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে মেইন রোডের দক্ষিণ পাশ, ফুলেল সুপারমার্কেট, বিশাল শপিং সেন্টার, আহমেদ প্লাজা, বিজনেস পার্ক, রয়েল রওশন সুপার মার্কেটসহ বাজারের বিভিন্ন এলাকায় যান।
এ সময় তিনি ব্যবসায়ীদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন। প্রচারণাকালে বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন এবং আগামী ২৯ আগস্টের নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে তাঁর সঙ্গে সমর্থক ও কর্মীদের উপস্থিতি দেখা যায়। এ সময় কয়েকজন ব্যবসায়ী প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং নির্বাচনের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণায় বাজারের বিভিন্ন এলাকায় ভোটার ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
প্রকাশিত : রোববার, ২৩ আগস্ট ২০২৬
Views: 5

























