শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক, স্ত্রী ও মেয়ে আহত

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, হাজীগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, তাঁর স্ত্রী মোহসেনা আক্তার ও মেয়ে সায়মা আক্তার আহত হয়েছেন।

জানা যায়, ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্ত্রী ও মেয়েকে নিয়ে সিএনজিযোগে হাজীগঞ্জ থেকে দোয়াভাঙ্গার দিকে যাচ্ছিলেন শিক্ষক মো. আব্দুল কুদ্দুস। পথে শাহরাস্তির হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কুমিল্লা থেকে ছেড়ে আসা আইদি পরিবহনের একটি বাস সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়।

শুক্রবার (২১ আগস্ট) বাসের ধাক্কায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের কাজে ব্যবহৃত মসলা মিক্সার মেশিনের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে সিএনজিতে থাকা শিক্ষক আব্দুল কুদ্দুস, তাঁর স্ত্রী মোহসেনা আক্তার ও মেয়ে সায়মা আক্তার মাথা, হাত, পা ও বুকে আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাদের হাজীগঞ্জে নিজ বাসভবনে পাঠানো হয়।

সর্বশেষ জানা গেছে, বর্তমানে শিক্ষক আব্দুল কুদ্দুস, তাঁর স্ত্রী ও মেয়ে হাজীগঞ্জের নিজ বাসভবনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

তাদের দ্রুত সুস্থতার জন্য সহকর্মী শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

মহান আল্লাহ রাব্বুল আলামিন আহত শিক্ষক, তাঁর স্ত্রী ও মেয়েকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন এবং নেক হায়াত দান করুন, আমিন।

প্রকাশিত :  ‍শনিবার, ২২ আগস্ট ২০২৬

Views: 5

শেয়ার করুন