ফরিদগঞ্জে নিখোঁজের ৩০ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রায় ৩০ ঘণ্টা পর নিজ বাড়ি থেকে মো. ইউসুফ আলী মাস্টার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম বদরপুর গ্রামের আনিস ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইউসুফ আলীর স্ত্রী প্রায় দুই বছর আগে মারা যান। এরপর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তিন মেয়ে বিয়ের পর স্বামীর বাড়িতে থাকেন এবং একমাত্র ছেলে মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়াশোনা করে মেজ বোনের বাড়িতে থেকে।
নিহতের ভাই খোকন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকালে তারা একসঙ্গে স্থানীয় হারুনের দোকানে চা পান করেন। এরপর ইউসুফ আলী বাড়িতে ফিরে যান। তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির লোকজন তাকে বাড়ির বাইরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে নিশ্চিত হয়, তিনি মারা গেছেন।
স্থানীয়রা জানান, মরদেহের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং দীর্ঘ সময় পড়ে থাকায় শরীরের বিভিন্ন স্থানে পোকামাকড় ও মাছি ভিড় করেছিল।
নিহতের মেজ মেয়ে রেহানা বলেন, “আমার বাবা স্ট্রোকের রোগী ছিলেন। গতকাল বাবাকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। খাবারও পাঠাতে পারিনি। আজ বাড়িতে এসে বাবার মরদেহ পাই। আমার বিশ্বাস, তিনি স্ট্রোক করেই মারা গেছেন। তার কোনো শত্রু ছিল না।”
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ, এসআই আমজাদ আলী চৌধুরীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদন পাওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Views: 34

























