হুমকিতে কর্মসংস্থান : হাজীগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার পৌর এলাকার ধেররা বাজারে অবস্থিত স্বর্ণালী পিভিসি পাইপ রিসাইকেল ফ্যাক্টরিতে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ উঠেছে।
ভুল মিটার রিডিংয়ের কারণে জুন মাসে প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল কয়েক গুণ বেড়ে গেছে বলে দাবি করেছেন ফ্যাক্টরির মালিক সৈয়দ মাহমুদ শাহ।
তিনি জানান, তার প্রতিষ্ঠানে প্রায় ২০ জন শ্রমিক কর্মরত। তবে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের চাপ সামাল দিতে না পারলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ফ্যাক্টরি মালিকের অভিযোগ, শিল্প মিটারের রিডিং নেওয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজে উপস্থিত থেকে রিডিং না নিয়ে একজন অনভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে মিটার রিডিং করিয়েছেন। এতে ভুল রিডিং লিপিবদ্ধ হওয়ায় জুন মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
সৈয়দ মাহমুদ শাহ বলেন, গত মাসে তার প্রতিষ্ঠানের নামে ১ লাখ ১৯ হাজার ৪৩৭ টাকার বিদ্যুৎ বিল ইস্যু করা হয়েছে। অথচ আগের পাঁচ মাসের বিলের তুলনায় এটি প্রায় তিন গুণ বেশি। তার দাবি, প্রকৃত ব্যবহারের সঙ্গে এ বিলের কোনো সামঞ্জস্য নেই।
এ ধরনের অস্বাভাবিক বিদ্যুৎ বিল পরিশোধ করা আমার প্রতিষ্ঠানের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। এই বিলের কারণে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে এখানে কর্মরত ২০ জন শ্রমিক এবং তাদের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দ্রুত ফ্যাক্টরিতে গিয়ে মিটার পরীক্ষা, জুন মাসের প্রকৃত ইউনিট যাচাই এবং সঠিক হিসাব অনুযায়ী পুনরায় বিল প্রস্তুতের দাবি জানান।
Views: 5

























