দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিলে ছাড় নয় : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক :

দলের নাম ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি বা কোনো ধরনের ভোগান্তিতে ফেলতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।

তারেক রহমান বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন দলকে বিব্রত করতে এবং জনগণের কষ্টের কারণ হতে না পারে—প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই হোক সবার শপথ। এ সময় তিনি বিগত আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিহত, গুম ও আহত নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হয়।

বিএনপি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং আমন্ত্রিত গুণীজনরা আলোচনায় অংশ নিচ্ছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রকাশিত :  ‍ শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Views: 16

শেয়ার করুন