মতলব উত্তরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: কিশোর গ্যাং, মাদকচক্রের দৌরাত্ম্যে আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়

সফিকুল ইসলাম রানা:মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ইসলামীয়া মার্কেট নতুন বাজারের তেল ও বিকাশ ব্যবসায়ী মো. সেলিম (৩৫)-কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরাসোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আমিনপুর গ্রামের জোর ব্রিজের কাছে এ হামলার ঘটনা ঘটে।

এসময় হামলাকারীরা একটি ঘড়ি, লুঙ্গি ও একটি শাবল রেখে পালিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত মো. সেলিমকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহত সেলিম আমিনপুর গ্রামের আরব আলীর ছেলে।

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

খোজ নিতে জানা যায়, ইসলামিয়া মার্কেট নতুন বাজারে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং, মাদকাসক্ত যুবক ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বহুদিনের শান্তিপূর্ণ এ বাজারে বহিরাগত অসামাজিক লোকজনের অনিয়ন্ত্রিত প্রবেশে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে।
গত রাতের নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর একটাই ক্ষোভ, সময়মতো যদি বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা যেত এবং কিশোর গ্যাং, মাদকচক্রের দৌরাত্ম্য বন্ধ করা যেত, তাহলে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটত না।
স্থানীয়দের দাবি, একজন তরুণ ব্যবসায়ীর ব্যক্তিগত শত্রুতা থাকার সম্ভাবনা কম। তাই স্পষ্ট এ হামলার পেছনে এলাকায় গড়ে ওঠা কিশোর গ্যাং মাদকচক্রই জড়িত।
এলাকাবাসী এবং ব্যবসায়ীরা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এখনই কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। যারা এদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বাজার কমিটি, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।
আহতের পরিবারের সদস্যরা জানান, মো. সেলিম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন। তারা জানিয়েছেন, খুব শিগগিরই এ ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Views: 0

শেয়ার করুন