মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, লুট ৩ লাখ টাকার মালামাল

সফিকুল ইসলাম রানা :
উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নয়াকান্দি বেরিবাঁধ সংলগ্ন এলাকায় একটি দোকানের তালা ভেঙে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। গত ১১ অক্টোবর দিনগত রাতে কোনো এক সময় আবুল কালামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনশেড দোকানের পাশের শাটার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে দোকানে থাকা বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।

দোকানমালিক আবুল কালাম চিকিৎসার জন্য রোববার ঢাকায় যান। তাঁর অনুপস্থিতির সুযোগে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পরিবার।

আবুল কালামের স্ত্রী শাহিনা বেগম ও মেয়ে কামরুন্নাহার জানান, অসুস্থতার কারণে আবুল কালাম ভারী কাজ করতে পারেন না। তাই এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন। কিন্তু চুরির ঘটনায় তাঁদের সব শেষ হয়ে গেছে। এখন ঋণের টাকা পরিশোধসহ সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন, হুমায়ুন কবির ও জয়নাল আবেদীন অভিযোগ করেন, এলাকায় মাদক কারবার ও চুরির ঘটনায় জড়িত কিছু ব্যক্তির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ। তাঁরা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

একই গ্রামের রাজিয়া বেগম বলেন, পাশেই তাঁর দোকান রয়েছে। কিছুদিন আগেও সেখানে চুরির ঘটনা ঘটেছে। কিন্তু চোর শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, “এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে চুরির রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

প্রকাশিত:  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 4

শেয়ার করুন