মতলব উত্তরে ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সফিকুল ইসলাম রানা :
মতলব উত্তরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যাহ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্পূর্ণ ডিজিটালাইজড ও স্মার্ট করেছে। এখন মানুষ ঘরে বসেই ই-নামজারি ও খাজনা প্রদান করতে পারছেন। এই মেলার মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা।
অনুষ্ঠানে মেলা উপলক্ষে আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন সভাপতি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উক্ত সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশিত : শুক্রবার, ২২ মে ২০২৬ খ্রি.
Views: 10
























