শাহরাস্তির বাদিয়া এম হক উ.বি’র এডহক কমিটি অনুমোদন, সভাপতি মোঃ আকতার হোসেন চৌধুরী

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তির বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা।
বোর্ড সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪ (১০) ধারা অনুযায়ী স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত এডহক কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আকতার হোসেন চৌধুরী। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত হয়েছেন ফরিদা ইয়াছমিন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত হয়েছেন গাজী মোঃ ফিরোজ।
বিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রি.
Views: 10
























