শাহরাস্তিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোঃ কামরুজ্জামান সেন্টু :
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ্দ খাল পুনঃখননের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।
জানা যায়, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ খোদ্দ খাল পুনঃখননের মাধ্যমে জেলায় এ কর্মসূচির সূচনা করা হয়। পরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করার কথা রয়েছে।
প্রসঙ্গত, ১৯৭৭-৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। ওই সময় তিনি খোদ্দ খাল খনন কার্যক্রমে অংশ নেন। ৪৮ বছর পর বাবার স্মৃতি বিজড়িত সেই খাল পুনঃখননের কাজ শুরু করেন তাঁরই পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের।
এ প্রকল্প বাস্তবায়নের ফলে প্রায় ২৪১ হেক্টর কৃষি জমি নতুন প্রাণ ফিরে পাবে বলে জানিয়েছে স্থানীয়রা। পাশাপাশি ২ হাজার ৭৮৮ কৃষক পরিবার সেচ সুবিধা ও মৎস্য চাষে উপকৃত হবে, যা স্থানীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহরাস্তি, হাজীগঞ্জ, চাঁদপুর সদরসহ আশপাশের এলাকার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬ খ্রি.
Views: 7
























