শাহরাস্তিতে ভূমি সেবা মেলা: ডিজিটালে সুরক্ষিত হবে জমি

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যে দেশব্যাপী ভূমি সেবা মেলা -২০২৬ উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মো. শাহজাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান মিয়া, সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার ডিজিটাল সেবার উপর গুরুত্ব দিচ্ছে। বর্তমানে অনলাইনে ভূমিসেবার আবেদন গ্রহণের পাশাপাশি সারাদেশে ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। যেখানে স্বল্প খরচে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাচ্ছে। আলোচনা সভায় খতিয়ান, মৌজা ম্যাপ, নামজারি ও নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা জানান, সর্বশেষ খতিয়ান ও হালনাগাদ ভূমি উন্নয়ন করের দাখিলা ছাড়া জমি হস্তান্তর বা দলিল রেজিস্ট্রেশন করা সম্ভব নয়। নিয়মিত কর পরিশোধ না করলে আইনি জটিলতা ও জমি খাস হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রি.

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 8

শেয়ার করুন