হাজীগঞ্জ উপজেলার উত্তরাঞ্চল চৌমুহনীর প্রাধান সড়ক অবহেলার নির্মম সাক্ষী হয়ে আছে

মোহাম্মদ সাইফুল ইসলাম
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের হাজীগঞ্জ চৌমুহনী শুধু একটি সড়ক নয়, এটি হাজীগঞ্জ উত্তরাঞ্চলের প্রধান প্রবেশদ্বার, কাজীগাঁও থেকে শুরু করে বাড্ডা, বাউড়া, সুহিলপুর, খাকবারিয়া, ধড্ডা থেকে চৌমুহনী এবং আশপাশের অসংখ্য গ্রামের মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা এই সড়ক।
শুক্রবার (১০ জুলাই) দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ উপজেলার উত্তরাঞ্চল চৌমুহনীর প্রাধান সড়ক অবহেলার নির্মম সাক্ষী হয়ে পড়ে আছে। এ সড়কটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই গুরুত্বপূর্ণ সড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ছবিতে এর সামান্য অংশ দেখা গেলেও বাস্তবে পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থা হয়ে দীর্ঘদিন ধরে পড়ে আছে।
প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করা ছোটখাটো যানবাহন বৃষ্টির পানি জমে থাকা গর্ততে পড়ে এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। আহত হচ্ছেন শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ, নারী, শিশু ও বয়স্করা। অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই রাস্তা পার হতে বাধ্য হচ্ছেন। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সড়কের অসংখ্য গর্ত এখন পানির নিচে লুকিয়ে থাকে। কোথায় রাস্তা, কোথায় গভীর গর্ত তা বোঝার কোনো উপায় থাকে না।
মোটরসাইকেল, অটোরিকশা কিংবা একটি অ্যাম্বুলেন্স মুহূর্তের অসতর্কতায় দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রতিটি বৃষ্টির সঙ্গে যেন বাড়ছে মানুষের আতঙ্ক, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এই সড়কে বের হওয়া মানেই এখন নিরাপদে ফিরে আসার নিশ্চয়তা নেই। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই দুর্ভোগ নতুন নয়। বছরের পর বছর মানুষ একই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। অথচ প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কটি যেন কারও অগ্রাধিকারের তালিকায় নেই।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, একটি প্রাণ ঝরে যাওয়ার পরই কি কেবল দায়িত্ববোধ জেগে উঠবে। কোনো সংঘাত চাই না, কাউকে ছোট করতে চাই না। আক্রন্তক ভাষা ব্যাবহার করতে চাইনা। শুধু আমাদের সাংবিধানিক অধিকার চাই নিরাপদ সড়ক। নিরাপদ চলাচল এবং মানুষের জীবনের প্রতি সম্মান। জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হোক এটাই আমাদের ন্যায্য প্রত্যাশা।
আজ আমরা বিনীত, কিন্তু দৃঢ় কণ্ঠে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি এবং দায়িত্বশীল সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি অনুগ্রহ করে আর অপেক্ষা নয়। আর কোনো দুর্ঘটনা নয়, আর কোনো স্বজনহারার কান্না, আর কোনো শিক্ষার্থীর অসমাপ্ত স্বপ্ন কিংবা কোনো রোগীর চিকিৎসা বিলম্বের মর্মান্তিক পরিণতি দেখতে চাই না।
এলাকাবাসী আরো বলেন, শুধু বলবো পদক্ষেপ নিন এই রাস্তা শুধু ইট পাথরের কাঠামো নয় এটি হাজারো মানুষের জীবন, স্বপ্ন, শিক্ষা, চিকিৎসা, জীবিকা এবং নিরাপদে ঘরে ফেরার অধিকার বহন করে। একটি সভ্য সমাজে মানুষের জীবন কখনো অবহেলার কাছে পরাজিত হতে পারে না।
Views: 1

























