হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক দগ্ধ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আরিফ হোসেন (৩২) নামের এক নির্মাণ শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ ও আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় ৭নং ওয়ার্ডের প্রফেসর পাড়ায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে এই দুর্ঘটনা ঘটে। আহত আরিফ হোসেন কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের (প্রধানিয়া বাড়ির) মোহাম্মদ ইব্রাহিম হোসেনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উক্ত ভবনের ছাদে লোহার দরজা লাগানোর সময় ওয়েল্ডিংয়ের কাজ করা অবস্থায় অসাবধানতাবশত বৈদ্যুতিক শকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে আরিফ হোসেনের পিঠসহ শরীরের পেছনের অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। দুর্ঘটনার পরপরই সহকর্মী ও স্থানীয় এলাকাবাসী তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আগুনে শরীরের পেছনের অংশ বেশ আশঙ্কাজনকভাবে পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা অথবা ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পরমর্শ দেওয়া হয়েছে।
বর্তমানে স্বজনরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছেন। আহত শ্রমিকের দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবার ও সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ খ্রি.
Views: 5






















