বৃষ্টিতে ঘরের ওপর হেলে পড়া গাছ কাটতে গিয়ে হামলার অভিযোগ, নারীসহ আহত ২

প্রচ্ছদ ছবি : আর্টিফিশিয়াল ইনটেলিজেন্ট (এআই) কর্তৃক তৈরি

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঝড়-বৃষ্টিতে ঘরের ওপর হেলে পড়া একটি কাঁঠাল গাছ কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

ঘটনাটি উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী বর্না পালের স্বামী বাপ্পি পাল জানান, সাম্প্রতিক ঝড় ও টানা বৃষ্টির কারণে তাদের সম্পত্তির ওপর থাকা একটি কাঁঠাল গাছ পাশের একটি বসতঘরের দিকে বিপজ্জনকভাবে হেলে পড়ে। যে কোনো সময় গাছটি ভেঙে পড়ে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির আশঙ্কা থাকায় স্থানীয়দের কথা বিবেচনা করে তিনি মঙ্গলবার সকালে গাছটি কাটার উদ্যোগ নেন।

অভিযোগে বলা হয়, গাছ কাটার কাজ শুরু করলে একই বাড়ির সুমন পাল লোকজন নিয়ে এসে বাধা দেন। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে তারা বাপ্পি পালের ওপর হামলা চালান। এ সময় বাপ্পি পালকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর স্ত্রী বর্না পালও হামলার শিকার হন। হামলায় আহত স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বাপ্পি পাল দাবি করেন, সুমন পালের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে এবং ফরিদগঞ্জ থানায় সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন এবং নির্যাতন করে আসছে। সর্বশেষ গাছ কাটাকে কেন্দ্র করে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযোগের বিষয়ে ফরিদগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

Views: 4

শেয়ার করুন