মতলব উত্তরে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘পকেট কমিটি’ গঠনের গুঞ্জন

মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৮৫নং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠনকে কেন্দ্র করে ‘পকেট কমিটি’ করার গুঞ্জন উঠেছে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন নীতিমালা-২০২৬ অনুযায়ী বিদ্যালয় পরিচালনার জন্য ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। প্রধান শিক্ষককে সদস্য সচিব করে অভিভাবক প্রতিনিধি, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠনের বিধান রয়েছে। বিদ্যালয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার মানোন্নয়নে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিন্তু ৮৫নং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও দাতা সদস্যদের অবহিত না করেই গোপনে কমিটি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের কমিটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য পদ্ধতিতে গঠন করতে হবে। জনপ্রতিনিধি, অভিভাবক, দাতা সদস্যসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে একটি সুন্দর ও কার্যকর কমিটি গঠন করা প্রয়োজন। অথচ কমিটি গঠনের বিষয়ে তাদের কাউকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এ বিষয়ে ইউপি সদস্য সফিকুল ইসলাম আরমান, সাবেক ইউপি সদস্য কবির হোসেন খান, দাতা সদস্য সাহিন প্রধান, স্থানীয় রশিদ আলম প্রধান ও মোতাহার হোসেন পিন্টু জানান, বিদ্যালয়ের কমিটি গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সকলের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। কিন্তু গোপনে কমিটি গঠনের গুঞ্জন এলাকায় প্রশ্নের সৃষ্টি করেছে। তারা সকলের অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবি জানান।
এ বিষয়ে ৮৫নং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালমা আক্তার মুঠোফোনে বলেন, সরকারি বিধি মোতাবেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হবে। বর্তমানে বিদ্যালয়ে পরীক্ষা চলমান রয়েছে। আগামী শনিবার অভিভাবক ও এলাকাবাসীকে নিয়ে আলোচনা করা হবে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন, আগামী শনিবার সকলকে নিয়ে বসে অভিভাবক প্রতিনিধিদের মধ্য থেকে ২ জন পুরুষ ও ২ জন মহিলা সদস্য নির্বাচন করা হবে। এছাড়া বিদ্যোৎসাহী সদস্যের জন্য নীতিমালা অনুযায়ী প্রস্তাবনা করা হবে। সকল সদস্য চূড়ান্ত হওয়ার পর সভাপতির জন্য প্রস্তাবনা পাঠানো হবে। কাউকে না জানিয়ে পকেট কমিটি করার কোনো সুযোগ নেই।
প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬ খ্রি.
Views: 10

























