হাজীগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার আটক

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জে ৬ বছরের ১ শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামে এক কেয়ারটেকারকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

বুধবার (৫ আগস্ট) হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, মকিমাবাদ গ্রামের এক প্রবাসী ব্যক্তির নির্মাণাধীন ৬ তলা ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন একই এলাকার বাসিন্দা সেলিম মজুমদার। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে শিশুটি তাকে ‘দাদা’ বলে ডাকতো। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটিকে চকলেট ও খাবারের প্রলোভন দেখাতেন।

নির্মাণাধীন ভবনের নিচতলার সিঁড়ির কক্ষ থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখেন তার মা। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি সেলিম মজুমদারের অপরাধের বিষয়টি মাকে জানায়। পরীক্ষা করে শিশুটির শরীরে নির্যাতনের আলামত দেখতে পান স্বজনেরা।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাজীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সেলিম মজুমদারকে আটক করা হয়েছে।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

Views: 11

শেয়ার করুন